
নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : চার দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছলেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলাইডস। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দিল্লি বিমানবন্দরে প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অজয় তামতা তাঁকে স্বাগত জানান।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক্স হ্যান্ডলে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০২৫ সালের জুন মাসে সাইপ্রাস সফরের মাধ্যমে যে কূটনৈতিক গতি তৈরি হয়েছিল, এই সফর সেই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ারই প্রতিফলন।
২০ থেকে ২৩ মে পর্যন্ত রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন প্রেসিডেন্ট ক্রিস্টোডৌলাইডস। এটি তাঁর প্রথম ভারত সফর।তাঁর সঙ্গে রয়েছেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী ড. কনস্টান্টিনোস কম্বুস, পরিবহণ, যোগাযোগ ও নির্মাণমন্ত্রী অ্যালেক্সিস ভাফেডিস, একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং ব্যবসায়ী প্রতিনিধিদল।
শুক্রবারের বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, উদ্ভাবন এবং গবেষণা-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করবেন দুই নেতা।
প্রধানমন্ত্রী মোদী অতিথির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। সফরকালে প্রেসিডেন্ট ক্রিস্টোডৌলাইডস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতিও তাঁর সম্মানে একটি ভোজসভার আয়োজন করবেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য