
নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : দেশে দ্রুত বাড়তে থাকা বিউটি ইনজেকশন ও অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট নিয়ে কড়া অবস্থান নিল কেন্দ্র সরকার।বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)ই বিষয়ে সতর্কবার্তা জারি করে স্পষ্ট জানিয়েছে, কোনও প্রসাধনী পণ্য ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করা আইনসম্মত নয়।
সিডিএসসিও-র তরফে জানানো হয়েছে, প্রসাধনী পণ্য শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য নির্ধারিত। সেগুলি শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো নিয়মবিরুদ্ধ। ড্রাগ কন্ট্রোলার জেনারেল ডঃ রাজীব রঘুবংশী এই সংক্রান্ত নোটিস জারি করেছেন।
নোটিসে বলা হয়েছে, স্কিন হোয়াইটেনিং, অ্যান্টি-এজিং বা গ্লুটাথিওনের মতো বিউটি ইনজেকশনকে প্রসাধনী পণ্য হিসেবে বিক্রি বা প্রচার করার অনুমতি নেই। ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০ এবং কসমেটিকস রুলস, ২০২০ অনুযায়ী প্রসাধনী পণ্য শুধুমাত্র ত্বক, চুল, নখ বা শরীরের বাহ্যিক অংশে লাগানো, স্প্রে করা বা পরিষ্কার করার উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। অ্যান্টি-এজিংয়ের জন্য ইনজেকশনের ব্যবহার এই আইনের আওতায় পড়ে না বলেও স্পষ্ট করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রক দেশের বিভিন্ন বিউটি ক্লিনিক, অ্যাস্থেটিক সেন্টার এবং চিকিৎসকদেরও নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে। সরকার আশঙ্কা প্রকাশ করেছে, অনিয়ন্ত্রিতভাবে এই ধরনের ইনজেকশন ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য