
নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : ইবোলা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশের বিমানবন্দরগুলিতে বিশেষ সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার। আক্রান্ত দেশগুলি থেকে আসা যাত্রীদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) এই মর্মে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য বিশেষ অ্যাডভাইজরি জারি করেছে।
অ্যাডভাইজরিতে বলা হয়েছে, কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা বা ওই দেশগুলির মাধ্যমে যাতায়াত করা যাত্রীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনও যাত্রীর মধ্যে জ্বর, দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি, ডায়রিয়া বা অজানা কারণে রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে অবিলম্বে বিমানবন্দরের স্বাস্থ্য আধিকারিক বা হেলথ ডেস্কে জানাতে হবে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের আগেই এই তথ্য জানানো বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও, ইবোলা আক্রান্ত ব্যক্তির রক্ত বা শরীরের তরলের সরাসরি সংস্পর্শে এসেছেন এমন যাত্রীদেরও তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত বা সন্দেহভাজন যাত্রীদের ভারতে পৌঁছানোর পরবর্তী ২১ দিন স্ব-পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোনও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। সম্প্রতি আফ্রিকার কয়েকটি দেশে ইবোলার নতুন সংক্রমণ সামনে আসার পরই কেন্দ্রীয় সরকার এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য