
নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : আফ্রিকার একাধিক দেশে ইবোলার প্রাদুর্ভাবের জেরে নয়াদিল্লিতে আগামী ২৮ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকা চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। ভারত সরকার ও আফ্রিকান ইউনিয়নের যৌথ সিদ্ধান্তে এই সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে। পরে আলোচনার মাধ্যমে নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার আফ্রিকান ইউনিয়নের সঙ্গে যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও প্রতিনিধিদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা এবং মহাদেশে উদ্ভূত জনস্বাস্থ্য পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলন আয়োজন নিয়ে ভারত সরকার, আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের মধ্যে আলোচনা হয়। সেই আলোচনার পর দুই পক্ষই সম্মত হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন পরে আয়োজন করাই উপযুক্ত হবে। সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকের নতুন তারিখ পরবর্তী সময়ে যৌথ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, আফ্রিকার বিভিন্ন অংশে দ্রুত পরিবর্তিত স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেছে এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব পুনরায় তুলে ধরেছে। ভারত আফ্রিকার জনগণ ও সরকারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং আফ্রিকা সিডিসি-র নেতৃত্বাধীন স্বাস্থ্য উদ্যোগে সহযোগিতার ইচ্ছাও প্রকাশ করেছে।
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলাকে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। যদিও এখনও একে অতিমারি হিসেবে ঘোষণা করা হয়নি। আফ্রিকার কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ইতিমধ্যেই একাধিক ইবোলা আক্রান্তের খোঁজ মিলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য