প্রধানমন্ত্রীকে ‘অ্যাগ্রিকোলা পদক’ সম্মান, গর্বের মুহূর্ত বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান
নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-র মর্যাদাপূর্ণ ‘অ্যাগ্রিকোলা পদক’ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে সম্মানিত করাকে দেশের প্রতিটি মানুষের জন্য গর্বের মুহূর্ত বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান


নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-র মর্যাদাপূর্ণ ‘অ্যাগ্রিকোলা পদক’ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে সম্মানিত করাকে দেশের প্রতিটি মানুষের জন্য গর্বের মুহূর্ত বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান ।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে শিবরাজ সিং চৌহান বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাস, কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বিশ্ব থেকে ক্ষুধা দূরীকরণে প্রধানমন্ত্রীর উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আজ গোটা বিশ্ব ভারতের এই প্রচেষ্টার প্রশংসা করছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এই সম্মান দেশের পরিশ্রমী কৃষকদের ঘামের, আমাদের মাটির শক্তির এবং ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক মর্যাদার স্বীকৃতি।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার, কোটি কোটি কৃষকের জীবনে ইতিবাচক পরিবর্তন এবং প্রাকৃতিক চাষের মতো জনমুখী উদ্যোগের মাধ্যমে গোটা বিশ্বের সামনে নতুন মডেল তুলে ধরেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রেও ভারত এখন বিশ্বের পথপ্রদর্শক হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।

করোনা মহামারির পর প্রায় ৮০ কোটি মানুষকে বিশ্বের বৃহত্তম খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, কৃষক সম্মান নিধির মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা এবং জি-২০ সভাপতিত্বের সময় কৃষি ও খাদ্য ব্যবস্থাকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে তুলে ধরার বিষয়গুলিও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, এফএও ভারতের এই পদক্ষেপগুলির ব্যাপক প্রভাবের প্রশংসা করেছে।

উল্লেখ্য, খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি এবং গ্রামীণ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এফএও-র পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অ্যাগ্রিকোলা পদক’ প্রদান করা হয়েছে। পাঁচ দেশের সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার রাতে ইতালিতে পৌঁছে রোমে অবস্থিত এফএও সদর দফতরে সংস্থার মহাপরিচালক ড. কে. দংইউ-র হাত থেকে এই সম্মান গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande