
চণ্ডীগড়, ২১ মে (হি.স.): চণ্ডীগড়ের একাধিক স্কুলে বৃহস্পতিবার বোমা হামলার হুমকি সংক্রান্ত ইমেল আসে। এ দিন সকালে শহরের একাধিক নামী স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলগুলোতে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। জানা গেছে, সেন্ট স্টিফেনস স্কুল, দিল্লি পাবলিক স্কুল, চিতকারা ইন্টারন্যাশনাল স্কুল-সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় চণ্ডীগড় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। তারা বিভিন্ন স্কুলে তল্লাশি চালায়। প্রাথমিক পর্যায়ের পরীক্ষার পর সব স্কুল ভবনকেই নিরাপদ ঘোষণা করে তারা। এর পরে স্কুল কর্তৃপক্ষকে স্বাভাবিকভাবে ক্লাস চালানোর অনুমতি দেওয়া হয়।
উল্লেখ্য, চণ্ডীগড়ের স্কুলগুলোতে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ভুয়ো ও হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছে। বারবার এই ধরণের ঘটনায় পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ইমেলগুলোর উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে চণ্ডীগড় পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ