তামিলনাড়ু মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ২৩ জন নতুন মন্ত্রী
চেন্নাই, ২১ মে (হি.স.) : মুখ্যমন্ত্রী থালাপতি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল বৃহস্পতিবার। রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার ২৩ জন নতুন মন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। এদে
তামিলনাড়ু মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ২৩ জন নতুন মন্ত্রী


চেন্নাই, ২১ মে (হি.স.) : মুখ্যমন্ত্রী থালাপতি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল বৃহস্পতিবার। রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার ২৩ জন নতুন মন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। এদের মধ্যে টিভিকে-র ২১ জন এবং শরিক কংগ্রেসের দু’জন বিধায়ক রয়েছেন। এর ফলে রাজ্যে মোট মন্ত্রীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২।

গুইন্ডি রাজভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথমে শপথ নেন তুতিকোরিনের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী বিজয়ের ঘনিষ্ঠ বন্ধু শ্রীনাথ। এরপর পর্যায়ক্রমে শপথ নেন বিজয়লক্ষ্মী, রঞ্জিতকুমার, বিজয় তামিঝন পার্থিবন, কুমার, বিনোদ, রাজীব, রাজকুমার, রমেশ, থেন্নারাসু, কমলি, কান্তিরাজ, মদন রাজা, জগদীশ্বরী, রাজেশ কুমার, বিজয় বালাজি, লোকেশ তামিঝসেলভন, বিশ্বনাথন, সম্পত কুমার, শরৎকুমার, মারিয়া উইলসন, বিগ্নেশ ও মহম্মদ পারভেজ।

নতুন মন্ত্রীদের মধ্যে রাজেশ কুমার ও বিশ্বনাথন কংগ্রেস বিধায়ক। প্রায় ৫৯ বছর পর তামিলনাড়ুর কোনও সরকারে কংগ্রেসের বিধায়কেরা মন্ত্রিত্ব পেলেন বলে রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। নতুন মন্ত্রিসভায় তফসিলি জাতি সম্প্রদায়ের প্রতিনিধিত্বের পাশাপাশি সাতজন মহিলাকেও জায়গা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কীর্তনা, কমলি, জগদীশ্বরী ও বিজয়লক্ষ্মী।

উল্লেখ্য, চলতি বছরের বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই ১০৮টি আসন জিতে তামিলগা ভেটরি কাঝগম (টিভিকে) বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। পরে কংগ্রেস, বাম দল, ভিডিসিকে ও আইইউএমএল-সহ শরিকদের সমর্থনে সরকার গঠন করেন জোসেফ বিজয়। গত ১০ মে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। সেই সময় তাঁর সঙ্গে নয়জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। এবার সম্প্রসারণের পর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হল ৩২।

তবে শরিক আইইউএমএল ও ভিডিসিকে-র কোনও বিধায়ককে এখনও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি। দুই দলেরই দু’জন করে বিধায়ক রয়েছেন। রাজনৈতিক মহলের অনুমান, আগামী মন্ত্রিসভা সম্প্রসারণে তাঁদেরও জায়গা মিলতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande