
লখনউ, ২১ মে (হি.স.) : উত্তর প্রদেশে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের অনগ্রসর শ্রেণী কমিশন গঠন করল উত্তর প্রদেশ সরকার। বিচারপতি রাম ওতার সিংকে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। আগামী ছ’মাসের মধ্যে এই কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে।
কমিশনের চেয়ারম্যান ছাড়াও আরও চার সদস্যকে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারক ব্রিজেশ কুমার এবং সন্তোষ কুমার বিশ্বকর্মা। এছাড়া কমিশনের সদস্য করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অরবিন্দ কুমার চৌরাসিয়া এবং এসপি সিংকে-কে।
উত্তর প্রদেশ সরকার বুধবার গভীর রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে পৃথক নির্দেশিকা পরে জারি করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে আলোচনা চলছিল। সেই প্রেক্ষিতেই এই কমিশন গঠনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য