
ক্যানিং, ২৩ মে (হি. স.): ক্যানিং ১ ও ক্যানিং ২ ব্লক সংযোগকারী মৌখালি সেতুর দুপারে মাতলা নদীর চর বেআইনিভাবে ভরাট করে বিশাল ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকাত মোল্লার বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং এলাকায়।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ক্যানিং পূর্বের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা এবং তাঁর পুত্র ইমরান মোল্লা্র বিরুদ্ধে। প্রশাসনের নাকের ডগায় চলা এই নজিরবিহীন দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি শিবির। তাঁদের অভিযোগ ক্যানিংয়ের মাতলা নদীর ওপর অবস্থিত মৌখালী ব্রিজের পাশে বিঘার পর বিঘা নদীর চর বেআইনিভাবে মাটি ভরাট করা হয়েছে। ম্যানগ্রোভ কাটা হয়েছে কোথাও কোথাও। আর সেখানেই গড়ে উঠেছে বিশাল এক ক্যাফে।
মঙ্গলবার স্থানীয়দের অভিযোগ করেন , বাবা শওকাত মোল্লার রাজনৈতিক দাপট এবং ক্ষমতাকে ঢাল করে তার ছেলে ইমরান মোল্লা সম্পূর্ণ বেআইনিভাবে এই ক্যাফেটি তৈরি করেছেন। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, শুধু ক্যাফে নির্মাণই নয়, শওকত মোল্লার অনুগামীরা মৌখালী ব্রিজের আশপাশে কয়েকশো বিঘা নদীর চর মাটি ফেলে ভরাট করেছে। পরবর্তীতে সেই সরকারি জমি কোটি কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
এই ঘটনার জেরে সবথেকে বড় প্রশ্নের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন। মৌখালী ব্রিজ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিকের ( এসডিপিও) অফিস। এত কাছে গুরুত্বপূর্ণ সরকারি দফতর থাকা সত্ত্বেও কীভাবে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এই বেআইনি নির্মাণ ও নদী ভরাটের কাজ চলল, তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, তৃণমূল সরকারের প্রত্যক্ষ মদত এবং প্রশাসনের চোখ বন্ধ করে থাকার নীতির কারণেই সরকারি নদীমাতৃক সম্পত্তি এভাবে লুঠ করা সম্ভব হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা