
শিলিগুড়ি, ২৬ মে (হি. স.):-বর্ষা মরশুম শুরুর আগেই উত্তরবঙ্গের সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করল প্রশাসন। সেই লক্ষ্যেই মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, উদ্ধারকাজ ও ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে বিভিন্ন জেলার সাংসদ, বিধায়ক, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি বর্ডার সিকিউরিটি ফোর্স ও সশস্ত্র সীমা বল-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে বন্যাপ্রবণ এলাকাগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।প্রতিবছর বর্ষার সময় উত্তরবঙ্গের তিস্তা, মহানন্দা ও তোর্সা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। নদী ভাঙনের সমস্যাও প্রকট আকার নেয়। সেই কারণেই আগাম প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।এদিন কোথায় ত্রাণ শিবির গড়ে তোলা হবে, কীভাবে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নেওয়া হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়