
গুয়াহাটি, ২৬ মে (হি.স.) : গ্রীষ্মকালে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামল দিতে ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ সেকেন্দ্রাবাদ-নাহরলগুন-সেকেন্দ্রাবাদ-এর পরিষেবা উভয় দিক থেকে পাঁচটি অতিরিক্ত ট্রিপের জন্য সম্প্রসারিত করা হয়েছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ট্রেন নম্বর ০৭০৪৬ সেকেন্দ্রাবাদ-নাহরলগুন সাপ্তাহিক স্পেশাল ট্রেনের চলাচল আগামী ২৯ মে থেকে ২৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৭০৪৭ সাপ্তাহিক স্পেশাল ট্রেন নাহরলগুন-সেকেন্দ্রাবাদ-এর চলাচল ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ট্রেনগুলি বিদ্যমান সময়সূচি, গঠন এবং স্টপেজ অনুযায়ী চলাচল করবে।
এছাড়া, কাটিহার থেকে ভাগলপুর পর্যন্ত একটি সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি আগামীকাল ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত প্রতিদিন উভয় দিক থেকে চলাচল করবে। ট্রেন নম্বর ০৩৪০৭ ভাগলপুর-কাটিহার স্পেশাল ভাগলপুর থেকে ০৭:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ১৩:০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৩৪০৮ কাটিহার-ভাগলপুর স্পেশাল কাটিহার থেকে ১৪:১০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ২০:২০ ঘণ্টায় ভাগলপুর পৌঁছাবে। ট্রেনটি ১৩টি সাধারণ কোচ সহ আনরিজার্ভ স্পেশাল ট্রেন হিসেবে চলাচল করবে।
প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সেকেন্দ্রাবাদ-নাহরলগুন-সেকেন্দ্রাবাদ সামার স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি এবং কাটিহার-ভাগলপুর সামার স্পেশালের সূচনা গ্রীষ্মকালীন ভ্রমণের চরম ব্যস্ত মরশুমে যাত্রীদের উল্লেখযোগ্য স্বস্তি প্রদান করবে। সেকেন্দ্রাবাদ ও নাহরলগুন-এর মধ্যে অতিরিক্ত ট্রিপগুলি যাত্রীদের বর্ধিত চাহিদা মেটাতে, ওয়েটিং লিস্ট কম করতে এবং উত্তর-পূর্বাঞ্চলকে দক্ষিণ ভারতের সাথে সংযুক্তকারী এই গুরুত্বপূর্ণ রুটে নিশ্চিত আসনের উপলব্ধতা উন্নত করতে সহায়তা করবে। সম্প্রসারিত পরিষেবাগুলি অরুণাচল প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য ভ্রমণের ক্ষেত্রে অধিক স্বাচ্ছন্দ্য ও সুবিধা প্রদান করবে। একইভাবে, দৈনিক কাটিহার-ভাগলপুর সামার স্পেশাল ট্রেন এই দুই শহর এবং মধ্যবর্তী স্টেশনগুলির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য ভ্রমণের একটি অতিরিক্ত বিকল্প প্রদান করবে।
সামগ্রিকভাবে, এই স্পেশাল ট্রেন পরিষেবাগুলি সংযোগব্যবস্থাকে উন্নত করবে, যাত্রীদের যাতায়াতকে আরও সুগম করবে এবং গ্রীষ্মকালীন ভিড়ের সময়ে ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তুলবে। এই স্পেশাল ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিস্তারিত তথ্য আইআরসিটিসি-র ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসুচিত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস