
আসানসোল, ২৬ মে (হি. স.): পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরে সেলের জমি দখলমুক্ত করতে মঙ্গলবার বড়সড় উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন ও আইএসপি কর্তৃপক্ষ। পুলিশি নিরাপত্তার মধ্যে আসানসোলের রাঙাপাড়া এলাকায় বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের দলীয় কার্যালয়-সহ একাধিক অবৈধ নির্মাণ। অভিযানে আবাসন সংলগ্ন একটি অবৈধ পার্কিং গ্যারেজও গুঁড়িয়ে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ দিনে এই নিয়ে এলাকায় তৃণমূল কংগ্রেসের মোট সাতটি দলীয় কার্যালয় ভাঙা হল। এদিন ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কহকশা রিয়াজের দলীয় অফিসও উচ্ছেদ করা হয়। কাউন্সিলরের দাবি, জমিটি সেলের নিজস্ব সম্পত্তি এবং উন্নয়নের স্বার্থেই জমি খালি করা হয়েছে। তবে উচ্ছেদের পরে সেখানে দ্রুত জনকল্যাণমূলক প্রকল্প শুরু করার দাবি জানান তিনি।অন্যদিকে, সিপিআইএমের কার্যালয় ও একটি পার্কিং এলাকা ভাঙাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সুবোধ সিং। তাঁর অভিযোগ, কোনও পূর্ব নোটিস ছাড়াই উচ্ছেদ চালানো হয়েছে। যদিও আইএসপি কর্তৃপক্ষের দাবি, আইন মেনেই আগাম সমস্ত নোটিস দেওয়া হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়