
হাওড়া, ২৬ মে (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার বাউড়িয়ার একটি চটকলে। সোমবার রাতে ওই চটকলের ২ নম্বর গুদামে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা গুদামটিকে। এই ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েক কোটি টাকার কাঁচা পাট ও চটের বস্তা।
চটকলের শ্রমিকদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টা নাগাদ হঠাৎই চটকলের ২ নম্বর গুদামের ভেতরে আগুনের শিখা দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে গুদামের ভেতরে থাকা বিপুল পরিমাণ কাঁচা পাট ও চটের বস্তা সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে চটকল সূত্রে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ