
বাঁকুড়া, ২৬ মে (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী হওয়ার পর প্রায় ৩০ বছর গ্রামছাড়া থাকার পর অবশেষে নিজের জন্মভিটায় ফিরলেন এক বিজেপি কর্মী। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কুশমুড়ি গ্রামে তৈরি হল খুশির পরিবেশ।
মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র বোড়া দীর্ঘদিন আগে বিজেপির টিকিটে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অভিযোগ, সেই সময় থেকেই তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। এরপর থেকেই তাঁকে গ্রামছাড়া হতে হয়।
পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, ১৯৯৩ সালের ওই পঞ্চায়েত নির্বাচনের পর তাঁর উপর লাগাতার চাপ ও হুমকি আসে। প্রাণের ভয়ে তিনি গ্রাম ছেড়ে আরামবাগে আশ্রয় নেন। সেখানেই দীর্ঘ বছর ধরে বসবাস করেন এবং পরে বিয়ে করে সংসারও শুরু করেন।
বহু বছর ধরে চেষ্টা করেও নিজের গ্রামে ফিরতে পারেননি তিনি। অবশেষে স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া তাঁর বিষয়ে উদ্যোগ নেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।
সেই উদ্যোগের ফলেই সোমবার সন্ধ্যায় আরামবাগ থেকে বিমল চন্দ্র বোড়াকে কুশমুড়ি গ্রামে ফিরিয়ে আনা হয়। গ্রামে ফিরতেই স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিধায়ক নির্মল কুমার ধাড়া নিজে উপস্থিত থেকে তাঁকে বরণ করে নেন।
দীর্ঘ ৩০ বছর পর নিজের পৈত্রিক ভিটায় ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন বিমল চন্দ্র বোড়া। গ্রামে তাঁর প্রত্যাবর্তন ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবেগঘন পরিবেশ।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট