
কলকাতা, ২৬ মে (হি. স.): দক্ষিণ বিহারের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত উত্তর-দক্ষিণ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । মঙ্গলবার দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, উত্তরবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার কালিম্পং, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে।বুধবার দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে। তবে শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।অন্যদিকে দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শনিবারও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চললেও রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়