ত্রিপুরা বার নির্বাচনে নতুন সমীকরণ, ১৫ পদে প্রার্থী দিল “সংবিধান বাঁচাও মঞ্চ”
আগরতলা, ২৬ মে (হি.স.) : ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও আইনজীবী মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। এবারের নির্বাচনে “সংবিধান বাঁচাও মঞ্চ” ব্যানারে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস লিগাল সেল এবং বামপন্থী আই
বার নির্বাচনে মনোনয়ন দাখিল


আগরতলা, ২৬ মে (হি.স.) : ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও আইনজীবী মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। এবারের নির্বাচনে “সংবিধান বাঁচাও মঞ্চ” ব্যানারে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস লিগাল সেল এবং বামপন্থী আইনজীবী সংগঠন এআইএলইউ। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াইয়ে নামল এই জোট।

জানা গিয়েছে, সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক সহ মোট ১৫টি পদে প্রার্থী দিচ্ছে সংবিধান বাঁচাও মঞ্চ। সভাপতি পদে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট আইনজীবী পৃথা দেবকে। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্জয় সাহা। সচিব পদে প্রার্থী হয়েছেন ভাস্কর ভট্টাচার্য। পাশাপাশি সহকারী সচিব পদে লড়াই করছেন মল্লিকা সাহা এবং ভবানী রঞ্জন ভট্টাচার্য।

মঙ্গলবার নির্ধারিত সময়ে প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি ১০ জন সদস্য প্রার্থীর নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে। সংবিধান রক্ষা, আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠা এবং বার অ্যাসোসিয়েশনের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তাঁরা এই ঐক্যবদ্ধ লড়াইয়ে নেমেছেন বলেও দাবি করা হয়।

এদিকে, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ জানান, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা রাখা হয়েছিল। তবে ২৮ মে সরকারি ছুটি থাকায় সেদিন মনোনয়ন গ্রহণ করা সম্ভব হবে না। ফলে পরিবর্তিত সূচি অনুযায়ী ২৯ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

তিনি আরও জানান, মনোনয়নপত্র যাচাই বা স্ক্রুটিনির কাজ পূর্বঘোষিত ২৯ মে'র পরিবর্তে অনুষ্ঠিত হবে ৩০ মে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১৩ জুন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আইনজীবী মহলে ব্যাপক উৎসাহ ও রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জোট ও পাল্টা জোটের সমীকরণে এবারের নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande