
কলকাতা, ২৬ মে (হি.স.): মঙ্গলবার আন্তর্জাতিক হকার দিবসে হকারদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সমাজ মাধ্যমে এক পোস্টে লেখেন, ২৬ মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক হকার দিবসে আমার খেটে খাওয়া হকার ভাই বোনেদের জানাই অভিনন্দন। তার সাথে তাঁদের জানাই সমবেদনা। যেভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই বিজেপি সরকার হকারদের উপর অত্যাচার চালাচ্ছে, উচ্ছেদ করছে, তাদের দোকান ভেঙে দিচ্ছে, তাদের চোখের জলকে তোয়াক্কা না করে তাদের পথে বসাচ্ছে সেটা দেখে আমি বিস্মিত, ক্রুদ্ধ, মর্মাহত। অত্যাচারীরা এর জবাব নিশ্চয়ই পাবে। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো।
পথচলতি বিক্রেতা, হকার এবং অনানুষ্ঠানিক ক্ষেত্রের ক্ষুদ্র ব্যবসায়ীরা যেভাবে স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করেন, এই দিনটি মূলত তাঁদের সেই অবদানকে স্বীকৃতি জানানোর জন্য উৎসর্গীকৃত।
পাশাপাশি, এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার অর্থনীতির বাস্তব চিত্র ও হকারদের অধিকারকে আইনি স্বীকৃতি নিয়ে আদালতের রায় সমাজ মাধ্যমে তুলে ধরেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ