ব্যাঙ্কগুলিকে আরও সক্রিয় হতে হবে, ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে কেন্দ্রীয় সচিবের বার্তা
আগরতলা, ২৬ মে (হি.স.) : প্রত্যন্ত অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াতে ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সহজলভ্য ও দ্রুততর করার ওপর জোর দিল কেন্দ্রীয় অর্থ পরিষেবা বিভাগের সচিব এম নাগরাজু। মঙ্গলবার রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ক্রে
ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম


আগরতলা, ২৬ মে (হি.স.) : প্রত্যন্ত অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াতে ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সহজলভ্য ও দ্রুততর করার ওপর জোর দিল কেন্দ্রীয় অর্থ পরিষেবা বিভাগের সচিব এম নাগরাজু। মঙ্গলবার রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে (সিওপি) তিনি ব্যাঙ্কগুলিকে সরাসরি জনগণের দ্বারপ্রান্তে ঋণ ও আর্থিক সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশমূলক পরামর্শ দেন।

রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ পরিষেবা বিভাগের সচিব এম নাগরাজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জেকে সিনহা, অর্থ দফতরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে এম নাগরাজু বলেন, ক্ষুদ্র ব্যবসা, কৃষি ও স্বনির্ভর গোষ্ঠীগুলির উন্নয়নে ব্যাঙ্কগুলিকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। ঋণ প্রক্রিয়াকে সহজ করে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, যেসব মানুষের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাদের দ্রুত ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনার কাজ চলছে। এই উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, এপ্রিল মাস পর্যন্ত দেশে মোট ৫৮ কোটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে প্রায় ৩২ কোটি অ্যাকাউন্টই মহিলাদের নামে।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে কোনও ধরনের জামানত ছাড়াই ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রদান করা হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিন তিনি রাজ্যের জন্য বিশেষ ঘোষণা হিসেবে জানান, প্রায় ১০ হাজার গ্রাহককে ক্ষুদ্র ব্যবসা গঠনের লক্ষ্যে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন জেলার প্রান্তিক মানুষের হাতে ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ব্যাঙ্ক ও প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতার পথ আরও সুগম করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande