
জাজপুর, ৩ মে (হি.স.): ওড়িশার জাজপুর জেলায় দইবড়া খেয়ে অসুস্থ হলেন অন্তত ৫৮ জন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ওড়িশার স্বাস্থ্য দফতর। জাজপুরের মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক রবিবার জানান, ওই এলাকায় রাস্তার ধারের একটি দোকান থেকে দইবড়া খেয়েই অসুস্থ হয়েছেন ৫৮ জন। জাজপুরের জেলাশাসক হাসপাতালে অসুস্থদের সঙ্গে দেখা করেন। দইবড়ার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।
জাজপুরের মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক জানান, আমি খবর পেয়েছি যে, কিছু লোকের পায়খানা, পেটে ব্যথা এবং বমি হচ্ছে। তাঁরা দই বড়া খেয়েছিলেন| রোগীদের চিকিৎসা চলছে| মোট ৫২ জন রোগী চিকিৎসাধীন|
বিজেপি সাংসদ রবীন্দ্র নারায়ণ বেহেরা বলেন, জাজপুর জেলায় দই বড়া খেয়ে মানুষ আক্রান্ত হয়েছেন| আক্রান্তদের মধ্যে সাতাশ জনই শিশু| সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা মারা গেছেন, কিন্তু তিনি হাসপাতালে আসেননি। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মেডিকেল রিপোর্ট এলে আমরা জানতে পারব| বাকিদের চিকিৎসা চলছে, তাঁদের অবস্থা এখন উন্নতির দিকে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ