
কলকাতা, ৩ মে (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় আবার নতুন করে ভোটগ্রহণের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার পরেই আসরে নেমে পড়েছে বিজেপি। তাদের খোঁচা, ‘ডায়মন্ড হারবার মডেল ধুলিস্মাৎ’ হয়ে গিয়েছে। এ বার সেই খোঁচার পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বেশি রাতে অভিষেক এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান, ‘১০ জন্ম চেষ্টা করেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবে না এই বাংলা বিরোধী গুজরাটি ও তাদের দালাল জ্ঞানেশ কুমার। যা খুশি সঙ্গে নিয়ে ফলতায় আসুন। এমনকী গোটা ভারত, দিল্লি থেকে গডফাদারদের নিয়ে আসুন। স্নায়ুর জোর থাকলে ফলতায় লড়াই করুন।’
শনিবার রাতেই ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা করেছে কমিশন। নজিরবিহীনভাবে গোটা বিধানসভায় ফের ভোট হবে। ভোটের দিন অর্থাৎ গত ২৯ এপ্রিল এখানকার গুটিকয়েক বুথে অশান্তি, কারচুপির অভিযোগ উঠেছিল। সেই কারণে একটি কেন্দ্রের ফলঘোষণা স্থগিত করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত সাম্প্রতিক অতীতে বেনজির। এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তা স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টেই। কমিশনকে এনিয়ে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেকের মত, ফলতায় যত না নির্বাচনী যুদ্ধ হতে চলেছে, তার চেয়ে বেশি হবে স্নায়ুর লড়াই।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ