
বাঁকুড়া, ৩ মে (হি.স.): লালমাটির বাঁকুড়ায় সোমবার কোন রাজনৈতিক ফুল ফুটবে, তা নিয়ে রবিবার থেকেই চড়ছে জল্পনা। ফল ঘোষণার আগের দিন জেলাজুড়ে রাজনৈতিক আলোচনার পাশাপাশি বিভিন্ন জায়গায় বাজি ধরার ছবিও দেখা যায়।
গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেলায় ১২টি আসনের মধ্যে ৮টিতে পদ্মফুল (বিজেপি) এবং ৪টিতে ঘাসফুল (তৃণমূল) জিতেছিল। এবারও একই ধারা বজায় থাকবে নাকি পরিবর্তন হবে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক হিসাব-নিকাশ। বিজেপি শিবিরের দাবি, এবার ৮ থেকে ৯টি আসনে পদ্মফুল ফুটবে।
বিজেপি নেতাদের বক্তব্য, সোমবার মহাদেবের পুজোর দিন হওয়ায় দেবাদিদেবের আশীর্বাদে জেলায় পদ্মফুলই প্রস্ফুটিত হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, এবার জেলার সর্বত্র ঘাসফুলের দাপট থাকবে। তাদের মতে, সংখ্যালঘু ভোটের পাশাপাশি মহিলা ভোটারদের বড় অংশ তাঁদের সমর্থন করেছে।
রাজনৈতিক মহলের একাংশ অবশ্য মনে করছে, জেলায় প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত কড়া। ২০২১ সালের ফলের পরিসংখ্যান অনুযায়ী, একাধিক কেন্দ্রে দুই শিবিরের ভোট শতাংশের ব্যবধান খুবই কম ছিল। ফলে এবারের ফল নির্ধারণে প্রতিটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
বিশেষ করে বাঁকুড়া, বড়জোড়া, ছাতনা ও শালতোড়া কেন্দ্রে ঘনিষ্ঠ লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জঙ্গলমহলের কয়েকটি কেন্দ্রে ঘাসফুলের কিছুটা বাড়তি সুবিধা থাকলেও সেখানে গেরুয়া শিবিরও পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছে।
সব মিলিয়ে সোমবার ফল ঘোষণার পরই স্পষ্ট হবে বাঁকুড়ায় শেষ পর্যন্ত পদ্ম না ঘাসফুল—কার থাকবে দাপট।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট