
কলকাতা, ৩ মে (হি. স.): গণনার আগের দিন রবিবার ভবানীপুরের গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়াল একটি সাদা স্করপিও গাড়িকে ঘিরে। রবিবার সকালে লর্ড সিনহা রোডের গলির মুখে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ‘এক্স আর্মি’ লেখা একটি সাদা স্করপিও গাড়ির সামনে বিজেপির পতাকা ও উত্তরীয় ছিল এবং কোনও রকম তল্লাশি ছাড়াই সেটিকে গণনা কেন্দ্রের সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়।তৃণমূল কর্মীদের আরও দাবি, ওই গাড়ি থেকে এক ব্যক্তিকে নেমে গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিয়ম মেনেই নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হচ্ছে এবং অনুমতি ছাড়া কাউকে গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যৌথভাবে বিক্ষোভকারীদের গণনা কেন্দ্রের নির্দিষ্ট এলাকার বাইরে সরিয়ে দেয়।ঘটনার জেরে কিছু সময়ের জন্য লর্ড সিনহা রোড এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়