
নয়াদিল্লি, ৩ মে (হি.স.): এক জনসভায় কংগ্রেস সাংসদ গেনিবেন ঠাকুরকে উদ্দেশ করে গুজরাট বিজেপি সভাপতি জগদীশ বিশ্বকর্মার আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কংগ্রেস এই মন্তব্যকে “অশালীন” এবং “নারীদের প্রতি অসম্মানজনক” বলে তীব্র নিন্দা করেছে।
এই ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই মন্তব্য শুধু লজ্জাজনকই নয়, বরং বিজেপির নারী-বিরোধী মানসিকতার প্রতিফলন। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী বারবার নারীর মর্যাদা নিয়ে কথা বললেও এই ধরনের ঘটনায় তাঁর নীরবতা গভীর উদ্বেগের বিষয়।
একইভাবে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও শনিবার সামাজিক এই মন্তব্যের তীব্র নিন্দা করেন। তিনি এটিকে “লজ্জাজনক ও অপমানজনক” বলে উল্লেখ করে গেনিবেন ঠাকুরের প্রতি পূর্ণ সমর্থন জানান। প্রিয়াঙ্কা বলেন, তিনি সাংসদের সংগ্রামের বিষয়ে অবগত এবং এই ইস্যুতে তাঁর পাশে আছেন। নারীর মর্যাদা সংক্রান্ত বিষয়গুলিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
এই ঘটনায় কংগ্রেস রাজনৈতিক আক্রমণ আরও জোরদার করেছে। তবে বিজেপির তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য