বিবেক বিহার অগ্নিকাণ্ডে শোক রাজনাথ সিং ও হর্ষ মালহোত্রার
নয়াদিল্লি, ৩ মে (হি.স.): দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা। রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক মাধ্যমে জানান, বিবেক বি
বিবেক বিহার অগ্নিকাণ্ডে শোক রাজনাথ সিং ও হর্ষ মালহোত্রার


নয়াদিল্লি, ৩ মে (হি.স.): দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা। রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক মাধ্যমে জানান, বিবেক বিহারের এই মর্মান্তিক ঘটনায় প্রাণহানিতে তিনি গভীরভাবে ব্যথিত। এই দুঃসময়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা জানান, ঘটনায় সামান্য আহতদের চিকিৎসা চলছে এবং আশা করা হচ্ছে, তাঁদের অনেককেই শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া সম্ভব হবে। এই ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা-ও শোকপ্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “বিবেক বিহারের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই শোকের মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁদের এই কঠিন সময় মোকাবিলার শক্তি দেন।”

তিনি আরও জানান, “স্থানীয় প্রশাসনের সমস্ত শীর্ষ আধিকারিক, দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বাহিনী এবং দিল্লি পুলিশ ত্রাণ ও উদ্ধারকাজে দ্রুততার সঙ্গে সম্পূর্ণভাবে নিয়োজিত রয়েছে। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে। স্থানীয় বিধায়ক ও পুরসভার কাউন্সিলররাও ত্রাণকার্যে সহায়তা করছেন। এই কঠিন সময়ে দিল্লি সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে।”

উল্লেখ্য, রবিবার ভোরে শাহদরার বিবেক বিহারে একটি চারতলা আবাসনে আগুন লাগে। ভোরের সময় বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় অনেকেই আগুনে আটকে পড়েন। স্থানীয়দের তৎপরতায় বহু বাসিন্দাকে উদ্ধার করা সম্ভব হলেও প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা রোহিত জানান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের জেরে আগুন লাগে। তাঁর দাবি, প্রায় ১২-১৫ জনকে উদ্ধার করা হয়েছে, যদিও কয়েকজন এখনও নিখোঁজ। ভোর ৩টা ১৩ মিনিট নাগাদ আগুন লাগে এবং দমকল বাহিনী পৌঁছয় প্রায় ৩টা ৩৫ মিনিটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুতলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযানের সময় ১০-১৫ জনকে বের করে আনা হয়, যাদের মধ্যে দু’জনকে চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কাউন্সিলর পঙ্কজ লুথরা জানান, ভবনের বিভিন্ন তলা থেকে একাধিক দেহ উদ্ধার হয়েছে এবং সেগুলির পরিচয় শনাক্ত করা কঠিন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নির্ধারণ করা হবে।

অন্যদিকে বিজেপি বিধায়ক সঞ্জয় গোয়েল বলেন, শর্ট সার্কিটের জেরেই আগুন লাগার সম্ভাবনা বেশি, যদিও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande