
হুগলি, ৩ মে (হি. স.) : ভোটপর্ব মিটতেই উচ্ছেদ অভিযানে নামল রেল। হুগলির পান্ডুয়ার রেলপাড় এলাকায় শনিবার গভীর রাতে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বহু ঘরবাড়ি। এর জেরে রাতারাতি গৃহহীন হয়ে পড়েন একাধিক পরিবার।
স্থানীয় সূত্রে খবর, নির্বাচন ঘোষণার আগেই রেল কর্তৃপক্ষের তরফে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল বেআইনিভাবে রেলের জায়গা দখল করে থাকা বাসিন্দাদের। যদিও সেই সময় কোনও পদক্ষেপ করা হয়নি। পরবর্তীতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফের নতুন করে নোটিস জারি করা হয়। তাতে জানানো হয়, মাত্র একদিনের মধ্যে এলাকা খালি করতে হবে।
এই স্বল্প সময়ে অনেকেই ঘরবাড়ি ও দোকান সরিয়ে নিতে সক্ষম হলেও বহু পরিবারের পক্ষে তা সম্ভব হয়নি। অভিযোগ, সেই অবস্থাতেই শনিবার রাতে আচমকা বুলডোজার নিয়ে হাজির হয় রেল কর্তৃপক্ষ এবং শুরু হয় উচ্ছেদ অভিযান।
বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নীচে আশ্রয় নিতে বাধ্য হন বাসিন্দারা।
স্থানীয়দের একাংশের অভিযোগ, “ভোটের আগে আমাদের সরানো হয়নি, কারণ তখন আমাদের ভোটের প্রয়োজন ছিল। ভোট শেষ হতেই তড়িঘড়ি উচ্ছেদ চালানো হচ্ছে।” তাঁদের দাবি, কিছুটা সময় পেলে অন্তত বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা যেত।
এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। যদিও রেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। গৃহহীন পরিবারগুলির পুনর্বাসন নিয়ে বাড়ছে উদ্বেগ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত