
ঝাড়গ্রাম, ৩ মে (হি.স.): সোমবার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ| তার আগে রবিবার নিজেদের মতো করে সময় কাটালেন জঙ্গলমহলের চার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা—কেউ পুজো দিলেন, কেউ কর্মীদের সঙ্গে বৈঠক করলেন, আবার কেউ দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন।
জেলার অন্যতম হেভিওয়েট প্রার্থী, বিদায়ী মন্ত্রী বিরবাহা হাঁসদা দিনটা কাটালেন অনেকটাই ব্যক্তিগত পরিসরে। ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লিতে নিরামিষ খাবার খেয়ে কিছুটা বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যায় দলীয় বৈঠকে যোগ দেন তিনি। কেন্দ্র বদল হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিরবাহা জানান, মানুষের সমর্থন তাঁর সঙ্গেই রয়েছে।
অন্যদিকে, ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ দিনটি কাটান ভিন্নভাবে। শিলদার সুখজোড়া গ্রামে বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে এক তরুণীর মৃত্যুর ঘটনায় তিনি নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা করেন। পরে বিভিন্ন মন্দিরে পুজো দেন এবং শহরের জামদা এলাকায় ঝড়ে পড়া গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজেও হাত লাগান। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী। বিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুও নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং পরে কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ শিবিরে যোগ দেন।
এদিকে গোপীবল্লভপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অজিত মাহাতো দিনভর বাড়ি ও দলীয় কার্যালয়ে থেকে কর্মী ও কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করেন। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো