
মালদা, ৩ মে (হি. স.): রবিবার এনআইএ-র নোটিস ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালদার কালিয়াচক এলাকায়। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।সূত্রের খবর, সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান, কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মহঃ সরিউল সহ আরও কয়েকজন নেতাকে নোটিস পাঠানো হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্টদের রবিবার দুপুর ১২টার মধ্যে কালিয়াচক থানায় হাজিরা দিতে হবে।জানা গিয়েছে, পয়লা এপ্রিলের একটি নির্দিষ্ট ঘটনার তদন্তের সূত্র ধরেই এই নোটিস জারি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। যদিও তদন্তের স্বার্থে ঘটনার বিস্তারিত এখনও প্রকাশ্যে আনা হয়নি।এই ঘটনাকে কেন্দ্র করে কালিয়াচক ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়