বিভিন্ন স্টেশনে আরপিএফ-এর অভিযানে উদ্ধার একাধিক নাবালক-নাবালিকা
গুয়াহাটি, ৩ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-র সাম্প্রতিক ধারাবাহিক অভিযানে একাধিক নাবালক উদ্ধার হয়েছে। পাশাপাশি যাত্রী সুরক্ষা ও মানবিক সেবার প্রতি তাদের অঙ্গীকার নিশ্চিত করেছে। আজ রবিবার এক প্রেস বার্
আরপিএফ-এর অভিযানে উদ্ধার একাধিক নাবালক-নাবালিকা


গুয়াহাটি, ৩ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-র সাম্প্রতিক ধারাবাহিক অভিযানে একাধিক নাবালক উদ্ধার হয়েছে। পাশাপাশি যাত্রী সুরক্ষা ও মানবিক সেবার প্রতি তাদের অঙ্গীকার নিশ্চিত করেছে।

আজ রবিবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, গত ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আরপিএফ কর্মীরা বিভিন্ন রেলওয়ে স্টেশন ও ট্রেন থেকে বিপুল সংখ্যক অসহায় মানুষ, যেমন বাড়ি থেকে পালিয়ে আসা নাবালক এবং দুর্দশাগ্রস্ত যাত্রীকে উদ্ধার করেছেন।

তিনি জানান, ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে আরপিএফ কর্মীরা একটি ট্রেন থেকে ১২ জন নাবালককে উদ্ধার করে তাদের যথাযথ যত্ন ও সুরক্ষার জন্য ‘চাইল্ডলাইন’ কর্তৃপক্ষের কাছে সুরক্ষিতভাবে হস্তান্তর নিশ্চিত করেছেন। একইভাবে, গুয়াহাটি, লামডিং, কিষাণগঞ্জ, কোকরাঝাড়, হাসিমারা, মরিয়নি, নিউ আলিপুরদুয়ার সহ বিভিন্ন স্টেশনে একাধিক উদ্ধার অভিযান চালানো হয়। ওই সব অভিযানে বাড়ি থেকে পালিয়ে আসা বেশ কয়েকজন নাবালক ও নাবালিকাকে শনাক্ত করে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, মরিয়নি রেলওয়ে স্টেশনে আরপিএফ তিন নাবালিকা মেয়েকে উদ্ধার করেছে। অন্যদিকে, গুয়াহাটি রেলওয়ে স্টেশনে সময়োপযোগী হস্তক্ষেপের ফলে নাবালক-নাবালিকাদের সুরক্ষিতভাবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পৃথক পৃথক ঘটনায়, কিষাণগঞ্জ, লামডিং, ডিমাপুর ও কোকরাঝাড়ের মতো স্টেশনগুলোতে উদ্ধারকৃত নাবালকদের সুরক্ষিত হেফাজত ও পুনর্বাসনের জন্য ‘চাইল্ড হেল্প লাইন’ এবং অন্যান্য অনুমোদিত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

অপ্রাপ্তবয়স্কদের উদ্ধারের পাশাপাশি, আরপিএফ কর্মীরা দুর্দশাগ্রস্ত যাত্রীদেরও তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছেন। নিউ জলপাইগুড়িতে শ্বাসকষ্টে আক্রান্ত এক যাত্রীকে চিকিৎসার জন্য অবিলম্বে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রায়গঞ্জ ও বারসইয়ের অন্যান্য ঘটনায়, দুর্ঘটনায় পড়ে আহত যাত্রীদের সময়মতো চিকিৎসা সহায়তা প্রদান করেছেন আরপিএফ কর্মীরা।

ধারাবাহিক এই প্রচেষ্টাগুলি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে নেটওয়ার্কে যাত্রী সুরক্ষা, মানব পাচার প্রতিরোধ এবং অসহায় ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে আরপিএফ কর্মীদের নিষ্ঠার প্রতিফলন।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষিত ও যাত্রী-বান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক থাকতে এবং যে কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখলে তা রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande