
ঝাড়গ্রাম, ৩ মে (হি.স.): রবিবার সকালে মালগাড়ির বগি (ওয়াগন) থেকে কালো ধোঁয়া বের হওয়ায় চাঞ্চল্য ছড়ালো| জানা গেছে, কোলাঘাটের উদ্দেশে কয়লা বোঝাই করে নিয়ে যাওয়ার পথে ঝাড়গ্রাম রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই একটি মালগাড়ির একটি ওয়াগন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়| রবিবার সকাল সাড়ে ৯টার নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বিষয়টি নজরে আসতেই রেলের তরফ থেকে ঝাড়গ্রাম দমকল বিভাগে জানানো হয়। তার পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন ও দমকল বাহিনী। প্রায় তিরিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসে বড়সড় বিপদের হাত থেকে রেলকে রক্ষা করেন দমকল কর্মীরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ