
দক্ষিণ ২৪ পরগনা, ৩ মে (হি.স.): রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে| ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা। তার আগে এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায় শনিবার রাতে বিজেপি কর্মীদের বাড়িতে লাঠি-রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় একাধিক আসবাবপত্র। ঘটনায় জখম হয়েছেন মহিলা-সহ একাধিক বিজেপি কর্মী। দুই বিজেপি কর্মী গুরুতর জখম বলে খবর। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়। তদন্ত শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, যাতে গণনার সময় বিজেপির কেউ উপস্থিত না থাকে, সেই জন্যই ওই হামলা তৃণমূলের তরফে করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ