
আরামবাগ, ৩ মে (হি.স): হুগলির আরামবাগ মহকুমায় স্ট্রং রুমে সিসিটিভি বিকল হয়ে পড়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ঘটনাটি ঘটেছে কালিপুর নেতাজি মহাবিদ্যালয়ে, যেখানে ভোটের ইভিএম ও ভিভিপ্যাট মেশিন সংরক্ষিত রয়েছে। অভিযোগ, শনিবার রাতে হঠাৎ করেই স্ট্রং রুমের দু'টি সিসিটিভি ক্যামেরা দীর্ঘক্ষণ ধরে বন্ধ হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে সুশান্ত ঘোষ নির্বাচন কমিশন ও আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, অবিলম্বে এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য কড়া ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটির কারণেই সিসিটিভি বন্ধ হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA