
আরামবাগ, ৩ মে (হি.স.): আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই স্পষ্ট হয়ে যাবে বিধানসভা নির্বাচনের ফলাফল—রাজ্যের ক্ষমতায় থাকবে কারা, হবে কি প্রত্যাবর্তন নাকি আসবে পরিবর্তন। তার আগেই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ফল ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা পূজার্চনার মাধ্যমে দেব-দেবীদের আশীর্বাদ গ্রহণ করছেন। রবিবার সেই ছবিই ধরা পড়ল কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠে। সেখানে পুজো দিতে দেখা গেল গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার-কে। শুধু কামারপুকুরেই নয়, তিনি গিয়েছিলেন জয়রামবাটীর মাতৃমন্দির-এও। সেখানেও পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন তিনি। পাশাপাশি আশেপাশের আরও কয়েকটি ধর্মীয় স্থানে গিয়েও প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। এই প্রসঙ্গে প্রশান্ত দিগার জানান, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তবে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি গোঘাটের মানুষের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির কামনাতেই এই পুজো দিয়েছেন বলে দাবি করেন তিনি। ফল প্রকাশের আগের এই মুহূর্তে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি ধর্মীয় আস্থার এই ছবি এলাকায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এখন দেখার, ফল ঘোষণার পর সেই আস্থা কতটা বাস্তবে প্রতিফলিত হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA