
সোনামুড়া (ত্রিপুরা), ৩ মে (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করে রবিবার ভোররাতে থানায় নিয়ে আসা হয়েছে।
কলাছড়া এলাকা যাত্রাপুর থানার অধীন হলেও এটি প্রায় ১০ কিলোমিটার দূরে, দুর্গম ও অধিকাংশই উপজাতি অধ্যুষিত অঞ্চল। থলিবাড়ি ও মনাইপাথর টিটিএএডিসি ভিলেজের মধ্যবর্তী এই এলাকা দীর্ঘদিন ধরেই যোগাযোগ ব্যবস্থার অভাবে দুর্গম হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, দিনের বেলাতেও সেখানে যাতায়াত ঝুঁকিপূর্ণ, ফলে পুলিশের এই অভিযান যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে খবর আসে যে, কলাছড়া গ্রামের পূর্বাংশে নির্মল ত্রিপুরা নামে জনৈক ব্যক্তির বাড়িতে বস্তাবন্দী অবস্থায় বিপুল পরিমাণ শুকনো গাঁজা মজুত রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিকের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। দলে সাব-ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ, সাব-ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, এএসআই কাফুরাই দেববর্মা সহ একাধিক পুলিশ কর্মী উপস্থিত ছিলেন।
রাত প্রায় বারোটার পর অভিযানে নামে পুলিশ। দুর্গম এলাকায় হওয়ায় প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি রেখে হেঁটে অভিযানে যেতে হয়। বাড়িতে পৌঁছে ঘুমন্ত অবস্থায় নির্মল ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ করে ঘর তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্লাস্টিকের তিনটি বস্তা থেকে মোট ৩৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এরপর অভিযুক্তকে আটক করে রাত প্রায় একটায় যাত্রাপুর থানায় নিয়ে আসা হয়।
রবিবার সকালে ওসি পার্থ নাথ ভৌমিক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পেশ করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ