অঙ্গনওয়াড়ি কর্মীদের ৮ দফা দাবিতে আগরতলায় গণ অবস্থান, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
আগরতলা, ৩ মে (হি.স.) : গ্র্যাচুইটি প্রদানসহ বিভিন্ন দাবিতে রবিবার রাজধানী আগরতলায় গণ অবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলপার্স ইউনিয়ন। সিআইটিইউ অনুমোদিত এই সংগঠনের উদ্যোগে প্যারাডাইস চৌমুহনী এলাকায় আয়োজিত এই ক
আগরতলায় গণ অবস্থান


আগরতলা, ৩ মে (হি.স.) : গ্র্যাচুইটি প্রদানসহ বিভিন্ন দাবিতে রবিবার রাজধানী আগরতলায় গণ অবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলপার্স ইউনিয়ন। সিআইটিইউ অনুমোদিত এই সংগঠনের উদ্যোগে প্যারাডাইস চৌমুহনী এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অংশগ্রহণ করেন।

এদিনের গণ অবস্থানে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মীরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে মানিক দে বলেন, রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ ক্রমশ সংকুচিত হয়ে আসছে। আন্দোলন করলেই বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তবুও নিজেদের ন্যায্য অধিকার আদায়ে আইসিডিএস প্রকল্পের কর্মীরা আন্দোলনের পথেই রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে— প্রাপ্য মজুরি প্রদান, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, মানসিক নির্যাতন বন্ধ, অযৌক্তিকভাবে ছাঁটাইয়ের হুমকি বন্ধ, গ্র্যাচুইটি প্রদান, মাসিক পেনশন ন্যূনতম ৯ হাজার টাকা নির্ধারণ এবং নিয়মিত বেতনক্রম চালু করা।

বক্তারা আরও জানান, এই দাবিগুলি নতুন নয়; দীর্ঘদিন ধরে আইসিডিএস কর্মীরা এগুলি নিয়ে আন্দোলন করে আসছেন। কিন্তু বারবার দাবি জানানো সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

গণ অবস্থান থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অবিলম্বে দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তাঁরা। এতে রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি পরিষেবার উপর প্রভাব পড়তে পারে বলেও ইঙ্গিত দেন আন্দোলনকারীরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande