
আগরতলা, ৩ মে (হি.স.) : সরকারি রাস্তায় গাড়ি চালানোকে কেন্দ্র করে দক্ষিণ আমতলি এলাকায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় আমতলি থানাধীন বেলাবর পালপাড়ার দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, এলাকার বাসিন্দা কাদির মিয়া, মুজাল হক এবং তাঁদের ভাগ্নে সবুজ মিয়া প্রতিবেশী ইসলাম মিয়া ও তাঁর স্ত্রী রানওয়ারা বেগমের উপর আকস্মিকভাবে হামলা চালায়। হামলাকারীরা ইসলাম মিয়ার মাথায় আঘাত করে গুরুতরভাবে জখম করে এবং তাঁর স্ত্রীকে লাথি মেরে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে।
ঘটনায় গুরুতর আহত হন ইসলাম মিয়া ও রানওয়ারা বেগম। তাঁদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে স্থানীয় কয়েকজন যুবক আহতদের উদ্ধার করে প্রথমে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁদের জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।
রবিবার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসলাম মিয়া জানান, এই ঘটনায় আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশ অভিযুক্তদের রবিবার দুপুর বারোটার মধ্যে থানায় আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
এদিকে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে বেলাবর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ