
আগরতলা, ৩ মে (হি.স.) : রাজধানী আগরতলায় স্বর্ণালঙ্কার ছিনতাই ও চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। ধারাবাহিক অভিযানে তিন পর্যায়ে মোট সাতজনের একটি সক্রিয় ছিনতাইবাজ চক্রকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া দুটি স্বর্ণের চেইন। একইসঙ্গে পৃথক অভিযানে পূর্ব আগরতলা থানার পুলিশ এনডিপিএস আইনের দুই মামলার পলাতক অভিযুক্তকেও গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি রামনগর এলাকার একটি বাড়ি থেকে নগদ অর্থের সঙ্গে একটি স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পশ্চিম আগরতলা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হলে আরও দুই অভিযুক্তের নাম উঠে আসে। সেই সূত্র ধরে বর্ডার গোলচক্কর এলাকা থেকে সায়ন সরকার ও সোহেল মিয়াকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদে চক্রের আরও সদস্যদের পরিচয় মিললে শনিবার রাতে জাকির হোসেন (বাড়ি—বিটারবন) ও সাগর দাস (বাড়ি—লংকামুড়া)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৯ গ্রাম ওজনের আরও একটি স্বর্ণের চেইন উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা।
রবিবার পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, “তিন দফায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য এবং শহরের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। চক্রের আরও কয়েকজন সদস্য এখনও পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে।” তিনি আরও জানান, শনিবার রাতে গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে তোলা হয়।
অন্যদিকে, পূর্ব আগরতলা থানার পুলিশ শনিবার গভীর রাতে পৃথক অভিযানে এনডিপিএস আইনের দুই মামলার পলাতক অভিযুক্ত অনির্বাণ দাসকে গ্রেফতার করেছে। তার বাড়ি রাজধানীর জাগহরিমুড়া এলাকায়। গোপন সূত্রের ভিত্তিতে আড়ালিয়া বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার তাকেও আদালতে সোপর্দ করে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ