
কলকাতা, ৪ মে (হি. স.): সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহু প্রতীক্ষিত ভোট গণনা। বেলা ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, রাজ্যের ১৮১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। শাসক দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯২টি আসনে। অন্যদিকে বামফ্রন্ট (সিপিএম) ১টি, এজেউপি ২টি এবং বিজিপিএম ১টি আসনে এগিয়ে রয়েছে।
এখনও পর্যন্ত মোট ২৭৭টি আসনের গতিপ্রকৃতি সামনে এসেছে। প্রাপ্ত ভোটের শতাংশের হিসেবে দেখা যাচ্ছে, বিজেপি ৪৪.৮১ শতাংশ এবং তৃণমূল ৪১.৫৩ শতাংশ ভোট পেয়েছে। প্রাথমিক এই ট্রেন্ড বজায় থাকলে বিজেপি ইতিমধ্যেই একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ অতিক্রম করে গিয়েছে।
গণনার এই ট্রেন্ড সামনে আসার পরেই তৃণমূলের পক্ষ থেকে ‘স্লো কাউন্টিং’ বা ধীরগতিতে গণনার অভিযোগ তোলা হয়েছে। উত্তর দমদমের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেখা যাচ্ছে কোথাও কোথাও মাত্র ২-৩ রাউন্ড গণনা হয়েছে, কোথাও আবার তাও হয়নি। এই দেরির কারণ কী? কমিশন কেন সঠিক সময়ে ট্রেন্ড রিলিজ করছে না, আমরা তা জানতে চাই।”
হাইপ্রোফাইল কেন্দ্র ভবানীপুরে চলছে কাঁটায় কাঁটায় টক্কর। প্রথম দিকের রাউন্ডে শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও, তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় লিড নিয়েছেন। খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে এদিন বেশ আত্মবিশ্বাসী মেজাজে দেখা গেছে। হাতে পদ্ম ফুল ও মাথায় পাগড়ি পরে তিনি দাবি করেন, “বিজেপি ২০০ আসন পার করবেই।”
তবে গণনার অনেক রাউন্ড এখনও বাকি থাকায় তৃণমূল নেতৃত্ব এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসতে নারাজ। বিকেলের দিকে চিত্রটি আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি