উত্তরপূৰ্বে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত, বলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল
গুয়াহাটি, ১০ জুন (হি.স.) : অসমের স্বাস্থ্য ক্ষেত্রকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের উদ্যোগে গুয়াহাটির ভিভান্তা হোটেলে ‘আসাম সিএসআর রাউন্ড টেবিল ২.০’ শীর্ষক এক গুরুত্ব
উত্তরপূৰ্বে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত, বলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল


গুয়াহাটি, ১০ জুন (হি.স.) : অসমের স্বাস্থ্য ক্ষেত্রকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের উদ্যোগে গুয়াহাটির ভিভান্তা হোটেলে ‘আসাম সিএসআর রাউন্ড টেবিল ২.০’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন অসমের স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের মন্ত্রী অশোক সিংহল।

উদ্বোধনী ভাষণে মন্ত্রী অশোক সিংহল উত্তর-পূর্বাঞ্চলে ক্যানসার রোগের উদ্বেগজনক হারের প্ৰসঙ্গে বলেন, টাটা গোষ্ঠীর সহায়তায় গঠিত আসাম ক্যানসার কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে রাজ্যজুড়ে এক বিস্তৃত ক্যানসার চিকিৎসা নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এই উদ্যোগের ফলে রোগীরা রাজ্যের মধ্যেই বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

বিদ্যালয়গুলিতে গড়ে তোলা স্বাস্থ্য ক্লাবগুলির ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সুস্থ সমাজ গড়ার জন্য স্বাস্থ্য সচেতনতা বিদ্যালয় স্তর থেকেই বিকশিত করতে হবে। পাশাপাশি তিনি অসমকে দেশের অন্যতম আধুনিক ও অগ্রগামী স্বাস্থ্যসেবা ব্যবস্থার রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খণ্ডে সরকার ব্যাপক বিনিয়োগ অব্যাহত রাখলেও কিছু ক্ষেত্রে দ্রুত উন্নয়নের জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)-এর অংশীদারিত্ব অত্যন্ত প্রয়োজনীয়। এই উদ্দেশ্যে তিনি প্রযুক্তি প্রতিষ্ঠান, চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্টার্ট-আপগুলিকে অসমের স্বাস্থ্য খণ্ডের রূপান্তরমূলক যাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সিএসআর-এর প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী।

আজকের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের কমিশনার-সচিব ড. সিদ্ধার্থ সিং, সিএসআর অসমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নরেন্দ্র শাহ, জাতীয় স্বাস্থ্য মিশন অসমের মিশন ডিরেক্টর ড. লক্ষ্মণন এস, চিকিৎসা শিক্ষা বিভাগের অধিকৰ্তা ডা. মনোজকুমার চৌধুরী সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় কর্পোরেট গোষ্ঠী, সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, প্রযুক্তি সংস্থা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উদ্ভাবন, বিনিয়োগ এবং অংশীদারিত্বের নতুন সম্ভাবনা অনুসন্ধানের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের স্বাস্থ্য খণ্ডের সামগ্রিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী সহযোগিতামূলক মঞ্চ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande