খারিফ মরশুমে উন্নতমানের বীজ ও চারা বিতরণের উদ্যোগ শ্রীভূমি কৃষি দফতরের
শ্রীভূমি (অসম), ১০ জুন (হি.স.) : চলতি খারিফ মরশুমে জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শ্রীভূমি জেলা কৃষি দফতর। জেলার পঞ্জীয়নকৃত এবং যোগ্য কৃষকদের জন্য বিভিন্ন
খারিফ মরশুমে উন্নতমানের বীজ ও চারা বিতরণের উদ্যোগ শ্রীভূমি কৃষি দফতরের


শ্রীভূমি (অসম), ১০ জুন (হি.স.) : চলতি খারিফ মরশুমে জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শ্রীভূমি জেলা কৃষি দফতর। জেলার পঞ্জীয়নকৃত এবং যোগ্য কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে উন্নতমানের শাইল ধানের বীজ, বিভিন্ন তৈলবীজ, ডাল জাতীয় শস্যের বীজ এবং উদ্যানশস্যের ফল ও ফুলের চারা বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

জেলা কৃষি আধিকারিকের কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষকদের মধ্যে এ সব বীজ ও চারা মূলত প্রদর্শনীমূলক ক্ষেত গঠনের উদ্দেশ্যে বিতরণ করা হবে। এর মাধ্যমে উন্নত কৃষি পদ্ধতি ও উচ্চ ফলনশীল জাতের ব্যবহার সম্পর্কে কৃষকদের হাতে-কলমে অভিজ্ঞতা প্রদান করা হবে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সুবিধা গ্রহণে আগ্রহী পঞ্জীয়নকৃত কৃষকদের অবিলম্বে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এ জন্য তাঁরা তাঁদের নিকটবর্তী কৃষি সম্প্রসারণ সহায়ক, কৃষি উন্নয়ন আধিকারিক, রামকৃষ্ণনগরে অবস্থিত মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় অথবা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

প্রকল্পের নিয়ম অনুযায়ী একজন কৃষক একটি নির্দিষ্ট শস্যের জন্য সর্বাধিক তিন বিঘা জমি পর্যন্ত এই প্রদর্শনীমূলক চাষের আওতায় আনতে পারবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য কৃষকের পঞ্জীয়নকৃত আইডি নম্বর থাকা বাধ্যতামূলক বলে কৃষি দফতর স্পষ্ট করেছে।

কৃষি দফতর বলেছে, সরকারের বিভিন্ন কৃষি উন্নয়নমূলক প্রকল্পের সুফল প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি উন্নত বীজ ও চারা ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জেলার কৃষি ক্ষেত্রও আরও শক্তিশালী হবে।

শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক জেলার সমস্ত যোগ্য ও আগ্রহী কৃষকদের দ্রুত সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করে এই সুযোগের সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশিকা জেলা কৃষি আধিকারিকের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে বলেও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande