
আলিপুরদুয়ার, ১০ জুন (হি.স.): বুধবার বক্সা ব্যাঘ্র প্রকল্প সংলগ্ন জঙ্গল থেকে একদল বুনো হাতি লোকালয়ের কাছে চলে আসায় তীব্র আতঙ্ক ছড়ালো আলিপুরদুয়ার ২ ব্লকের বড় চোকিরবস এলাকায়। স্থানীয় সূত্রের খবর, দলটিতে মোট ৭টি হাতি ছিল। জানা গেছে, বুধবার হাতির ওই দলটি জঙ্গল থেকে বেরিয়ে আচমকাই বড় চোকিরবস এলাকায় ঢুকে পড়ে। দিনভর দাপিয়ে বেড়ানোর পর, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত হাতিগুলি এলাকারই একটি স্থানীয় জঙ্গলে আশ্রয় নিয়েছিল। লোকালয়ের এত কাছে হাতির দলটিকে দেখে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খেতের ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। এরপর বনকর্মীদের প্রচেষ্টায় হাতির দলটিকে নিরাপদে বক্সার জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়। হাতিগুলি চলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার মানুষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ