
মুম্বই, ১০ জুন (হি.স.): একদিকে যখন বৃষ্টির অপেক্ষায় তিলোত্তমা কলকাতা, অন্যদিকে তখন মেঘের চাদরে ঢেকেছে দেশের বাণিজ্যনগরী মুম্বই। মঙ্গলবার রাত থেকেই মুম্বইয়ের বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টি। বুধবার সকাল থেকেও আকাশ থমথমে, মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার মুম্বই এবং পালঘর সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে ঝড়ও। পালঘর ও মুম্বইয়ের নিচু এলাকাগুলিতে সাময়িক জল জমার সম্ভাবনা রয়েছে। রাস্তায় যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ