তিন দিনে পাঁচ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ঝাড়গ্রাম পুরসভায় জোর জল্পনা
ঝাড়গ্রাম, ১০ জুন (হি.স.) : ঝাড়গ্রাম পুরসভায় পরপর পাঁচ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে পাঁচজন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দেওয়ায় পুরসভার অন্দরে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঝাড়গ্
তিন দিনে পাঁচ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ঝাড়গ্রাম পুরসভায় জোর জল্পনা


ঝাড়গ্রাম, ১০ জুন (হি.স.) : ঝাড়গ্রাম পুরসভায় পরপর পাঁচ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে পাঁচজন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দেওয়ায় পুরসভার অন্দরে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঝাড়গ্রাম পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন। সোমবার প্রথমে পদত্যাগ করেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন পুরপ্রধান কবিতা ঘোষ। পদত্যাগের কারণ হিসেবে গৌতম মাহাতো শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে কবিতা ঘোষ বার্ধক্যজনিত কারণ দেখিয়েছেন।

এরপর মঙ্গলবার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সোমানি পুরপ্রধান শিউলি সিংহের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনিও অসুস্থতা ও বয়সজনিত কারণের কথা উল্লেখ করেছেন।

বুধবার আরও দুই কাউন্সিলর পদত্যাগ করেন। তাঁরা হলেন ৬ নম্বর ওয়ার্ডের বিপ্লব শিট এবং ১৩ নম্বর ওয়ার্ডের আর্য ঘোষ। আর্য ঘোষ তাঁর পদত্যাগপত্রে ব্যক্তিগত ও অনিবার্য কারণবশত কাউন্সিলরের দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ হওয়ার কথা জানিয়েছেন।

যদিও পদত্যাগী কাউন্সিলরদের প্রত্যেকেই ব্যক্তিগত, শারীরিক বা বয়সজনিত কারণের কথা বলেছেন, তবুও অল্প সময়ের মধ্যে পরপর পাঁচজনের পদত্যাগ রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে পুর বোর্ডের বৈঠক চলাকালীন পুরপ্রধান-সহ একাধিক কাউন্সিলর বিক্ষোভের মুখে পড়েন। তাঁদের ঘিরে বিক্ষোভ, স্লোগান এবং ডিম ছোড়ার অভিযোগ ওঠে। পাশাপাশি কয়েকজন কাউন্সিলর নিগৃহীত হওয়ার অভিযোগও সামনে আসে।

এছাড়া, তোলাবাজির মামলায় ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু গোয়ালাকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

এই পরিস্থিতিতে ঝাড়গ্রাম পুরসভায় পরপর পাঁচ কাউন্সিলরের পদত্যাগ শুধুমাত্র প্রশাসনিক ঘটনা নয়, এর নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে এই পদত্যাগগুলির তাৎপর্য খতিয়ে দেখা প্রয়োজন।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande