
ভাগলপুর, ১০ জুন ( হি.স.): বিহারের ভাগলপুরে ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে, বাউসি-হাঁসদিহা সড়কের দাহুয়া গ্রামের কাছে। দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, আহতের নাম নিরোজ আনসারি (৩৫)। সে বাউসি থানার অন্তর্গত হেচলা গ্রামের বাসিন্দা ।
বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে নিরোজ আনসারি বাউসি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দাহুয়া গ্রামের কাছে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাইক তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর সে রাস্তায় পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয় । ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয় এবং অভিযুক্ত বাইক চালককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত নিরোজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে ভাগলপুরের অন্য এক হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক