
ঝাড়গ্রাম, ১১ জুন (হি. স.): হাতির হানায় প্রাণ হারানো ঝাড়গ্রামের পুকুরিয়া গ্রামের বাসিন্দা মৌসুমী মল্লিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বৃহস্পতিবার ঝাড়গ্রাম রেঞ্জ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে মৃতার স্বামীর হাতে ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। একই সঙ্গে মৌসুমী মল্লিকের দুই পুত্রের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার গ্রহণ করবে বলেও ঘোষণা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো, ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষীকান্ত সাউ, বন দফতরের আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য কর্তারা। তাঁরা মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।জানা গেছে, কয়েকদিন আগে হাতির আক্রমণে মৌসুমী মল্লিকের মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম আর্থিক ও সামাজিক সংকটের মুখে পড়ে পরিবারটি। সেই পরিস্থিতিতে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয় রাজ্য সরকার।মন্ত্রী রাজেশ মাহাতো জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা সরকারের দায়িত্ব। ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। বিধায়ক লক্ষীকান্ত সাউও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।সরকারের এই আর্থিক সহায়তা ও শিক্ষার দায়িত্ব গ্রহণের ঘোষণায় মৃতার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়