কুলটিতে বিজেপি কর্মী ও তাঁর পরিবারের উপরে হামলার অভিযোগ
পশ্চিম বর্ধমান, ১১ জুন (হি.স.): প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ১২ বছর পূর্তি উদযাপনের পরই উত্তপ্ত হয়ে উঠলো পশ্চিম বর্ধমানের কুলটি। অভিযোগ, অনুষ্ঠান শেষে কুলটি বিধানসভার ৫৮ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী ও তাঁর পরিবারের ওপর হামলা চালায় দুষ্কৃতী
কুলটিতে বিজেপি কর্মী ও তাঁর পরিবারের উপরে হামলার অভিযোগ


পশ্চিম বর্ধমান, ১১ জুন (হি.স.): প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ১২ বছর পূর্তি উদযাপনের পরই উত্তপ্ত হয়ে উঠলো পশ্চিম বর্ধমানের কুলটি। অভিযোগ, অনুষ্ঠান শেষে কুলটি বিধানসভার ৫৮ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী ও তাঁর পরিবারের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়, ধেমোমেন কোলিয়ারির ৬ নম্বর শিবমন্দির প্রাঙ্গণে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবারও এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ধেমোমেন কোলিয়ারির শিবমন্দির প্রাঙ্গণে মোদীর প্রধানমন্ত্রীত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে একটি সভার আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠান শেষ হতেই বিজেপি কর্মী বৃজু যাদব ও তাঁর পরিবারের ওপর আচমকা চড়াও হয় একদল দুষ্কৃতী। লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মী বৃজু যাদবের দাবি, স্থানীয় রোহিত নুনিয়া এবং তাঁর ছেলে তথা সদ্য পদত্যাগ করা পুরপ্রতিনিধি সঞ্জয় নুনিয়ার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। হামলায় গুরুতর জখম হয়েছেন বৃজু যাদব এবং তাঁর ভাই বাবলু যাদব। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande