
উত্তর ২৪ পরগনা, ১১ জুন (হি.স.): সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত। এবার উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বয়রামারি ১ পঞ্চায়েতের খড়িহাটি শ্মশানঘাট সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ। রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) বৃহস্পতিবার এই অভিযান চালায়। পুলিশ সূত্রে খবর, পুকুরটিতে তল্লাশি চালিয়ে ১৬টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ২ হাজার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গত ৬ জুন সন্দেশখালির মণিপুর ও কুমড়োখালি এলাকা থেকে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করেন তদন্তকারী আধিকারিকরা। জেরার মুখে ভেঙে পড়ে ধৃতরা এই খড়িহাটি শ্মশানঘাট সংলগ্ন পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করে। সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার ওই পুকুরে তল্লাশি চালায় এসটিএফ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ