
বীরভূম, ১১ জুন (হি.স.): গভীর রাতে বিজেপি কর্মীদের দুটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরের আসবাবপত্র ও জামাকাপড়। আগুন লেগে পুড়ে মৃত্যু হয়েছে দুটি ছাগলেরও। বুধবার গভীর রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইলামবাজার থানার ধরমপুর অঞ্চলের শুনুট গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুনুট গ্রামের বাসিন্দা তপন বাগদি বুধবার রাতে বাড়িতে একাই ঘুমাচ্ছিলেন। অভিযোগ, বুধবার গভীর রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে আচমকাই আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখতে পেয়ে কোনওরকমে ঘর থেকে বেরিয়ে আসেন তপনবাবু। তাঁর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। আগুনে ঘরের সমস্ত জামাকাপড় এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমনকি আগুন ছড়িয়ে পড়ায় দুটি ছাগলের মৃত্যু হয়। শুধু তপন বাগদির বাড়িই নয়, একই রাতে তাঁর প্রতিবেশী সাধু বাগদির বাড়িতেও দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুনে সাধুবাবুর বাড়ির একটি অংশ পুড়ে যায়। আক্রান্ত তপন বাগদি ও সাধু বাগদি উভয়েই দাবি করেছেন যে, তাঁরা সক্রিয় বিজেপি কর্মী। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পরিকল্পিতভাবে তাঁদের বাড়ি পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে তাঁদের অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ