
মালদা, ১১ জুন (হি.স.): স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগে শিক্ষক তথা তৃণমূল নেতাকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁকে লক্ষ্য করে 'চোর' স্লোগান দেওয়া হয়। পাশাপাশি ডিম ছোড়া হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা ব্লকের পার হবিনগর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই নেতাকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত নেতার নাম অমল কিস্কু। তিনি হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। তিনি পার হবিনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন স্কুলে আসতেন না। ভোটেও জেতেননি, তাই জনপ্রতিনিধি বা প্রশাসনিক কোনও পদে না থেকেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দিনের পর দিন স্কুল ফাঁকি দিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে হঠাৎই অমলবাবু স্কুলে এলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। স্কুল চত্বরেই তাঁকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। তাঁকে লক্ষ্য করে 'চোর' স্লোগান দেওয়া হয়। ডিম ছোড়া হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে অমল কিস্কুকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এলাকায় এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ