
বারাণসী, ১১ জুন (হি.স.) : উত্তর প্রদেশের বারাণসী জেলার ভেলুপুর থানা এলাকার তুলসীঘাটে গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল মির্জাপুরের এক যুবকের। বৃহস্পতিবার ভোরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ডুবুরিদের সহায়তায় নদী থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়।
মৃতের পরিচয় শিবশঙ্কর সিং (৩২) জানা গিয়েছে। তিনি মির্জাপুর জেলার কছওয়া এলাকার বাসিন্দা এবং অনিল সিংয়ের পুত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার ভোরে গঙ্গাস্নানের জন্য তুলসীঘাটে পৌঁছেছিলেন শিবশঙ্কর। স্নানের সময় আচমকাই তাঁর পা পিছলে যায় এবং তিনি গভীর জলে তলিয়ে যান। ঘাটে উপস্থিত মানুষজন বিষয়টি বুঝে ওঠার আগেই তিনি জলের নীচে চলে যান।
ঘটনার খবর পেয়ে ভেলুপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরে ডুবুরিদের সহায়তায় নদী থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস