
ভাগলপুর, ১২ জুন ( হি.স.): রেল চত্বরে অবৈধ কার্যকলাপ রুখতে এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিহার রেলপুলিশ শুরু করল অপারেশন সতর্ক'। এই বিশেষ অভিযানে শুক্রবার মালদা ডিভিশনের রেলপুলিশ গ্রেফতার করে দুই দুষ্কৃতীকে। তল্লাশি অভিযানে বনাঞ্চল এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয় ৫৯ লক্ষ টাকার ১৭৪টি চোরাই মোবাইল। এদিন রেলপুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই দুষ্কৃতী পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা।
এদিন এক রেলপুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্র মারফত খবর পেয়ে রেলপুলিশ বনাঞ্চল এক্সপ্রেসে তল্লাশি অভিযান শুরু করে । ট্রেনটি বারহারোয়া স্টেশনের কাছাকাছি আসার পর পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে । তল্লাশি চালিয়ে ধৃতদের ব্যাগ থেকে উদ্ধার হয় বিভিন্ন নামী ব্র্যান্ডের মোট ১৭৪টি পুরনো ও ব্যবহৃত মোবাইল ফোন। পুলিশের অনুমান, ফোনগুলি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে চুরি করা হয়। ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে উদ্ধার হয় ৮৫টি মোবাইল ফোন এবং অন্যজনের কাছ থেকে উদ্ধার হয় ৮৯টি মোবাইল ফোন। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৮ লক্ষ ৯৫ হাজার ৮৭৮ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক